জীবননগরে গোসল করতে নদে নেমে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মুক্তারপুর গ্রামে ভৈরব নদে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- মুক্তারপুর গ্রামের ঈদগাহ পাড়ার মো. সজিব হোসেনের ছেলে রিমন হোসেন (৭) এবং মো. জুয়েল মিয়ার ছেলে মো. জুনায়েদ হোসেন (৭)। দুই শিশুই কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
সজিব হোসেন জানান, বিদ্যালয় ছুটি শেষে রোববার দুপুরে রিমন, জুনায়েদ এবং রাব্বি তিন বন্ধু মিলে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে যায়। সেখানে পাটজাগ দেওয়া ছিল। গোসলের একপর্যায়ে তারা জাগ দেওয়া পাটের ওপরে উঠে খেলা করছিল। এসময় রিমন পানিতে পড়ে যায়। জুনায়েদ রিমনকে তুলতে গেলে জুনায়েদও পানিতে পড়ে যায়। পরে রাব্বি দ্রুত তাদের বাড়িতে গিয়ে পিতা-মাতাকে ঘটনাটি বলে। খবর পেয়ে পিতা-মাতাসহ নিকট আত্মীয়-স্বজন ঘটনাস্থলে এসে নদী থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জীবননগর অফিস