চুয়াডাঙ্গা শহরের ব্যস্ততম এলাকা থেকে দিনদুপুরে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বাড়ির গেটের সামনে দাঁড় করানো অবস্থায় সিসিটিভি ক্যামেরার সামনে থেকে মুহূর্তেই চুরি হয়ে যায় মোটরসাইকেলটি। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে শহরের থানা কাউন্সিলপাড়া থেকে মোটরসাইকেলটি চুরি হয়। ভুক্তভোগী আব্দুল্লাহ (২৮) শহরের ফেরিঘাট রোডের মৃত আব্দুল খালেক বিশ্বাসের ছেলে। এ ঘটনায় গতকালই সদর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
আব্দুল্লাহ জানান, গতকাল বিকেলে ব্যক্তিগত কাজে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান সাদির সঙ্গে দেখা করতে যান কাউন্সিলপাড়ায়। বাড়ির গেটের সামনে তার ব্যবহৃত লাল রঙের হোন্ডা মোটরসাইকেল (রেজি: চুয়াডাঙ্গা-ল-১১-২৭৪০) রেখে ভিতরে যান। কিছুক্ষণ পর বের হয়ে দেখেন, মোটরসাইকেলটি নেই।
অভিযোগ সূত্রে জানা যায়, বাড়িতে স্থাপন করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক যুবক রাস্তা দিয়ে হেঁটে এসে মুহূর্তের মধ্যে বাইকটি স্টার্ট করে চম্পট দেয়। ফুটেজে চোরের মুখমণ্ডল স্পষ্টভাবে দেখা গেছে।
আব্দুল্লাহ বলেন, ‘আমি ভাবতেও পারিনি এমন এলাকায় দিনে-দুপুরে মোটরসাইকেলটি চুরি হতে পারে। ফুটেজে চোরের মুখ দেখা গেলেও এখনো তার খোঁজ মেলেনি। বাইকটি খুঁজে না পেয়ে পরিবারকে জানিয়ে থানায় অভিযোগ করেছি।’
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হোসেন আলী বলেন, ‘ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করেছি। ফুটেজ পর্যালোচনার ভিত্তিতে চোর শনাক্তের চেষ্টা চলছে। পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।’
প্রধান সম্পাদক