বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা-৬ ও মহেশপুর-৫৮ বিজিবির উদ্যোগে দর্শনা, বারাদী ও জিন্নাহনগরে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহযোগিতায় বারাদী বিজিবি ক্যাম্প কামারপাড়া ও বারাদী মোড়ে জনসমাগমপূর্ণ সভার আয়োজন করে। সভায় চোরাচালান, শিশু ও মানব পাচার এবং মাদক বিরোধী সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়। সভাপতিত্ব করেন ক্যাম্প কমান্ডার মোজাম্মেল হোসেন।
বক্তব্য দেন বড়বলদিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ইউসুফ আলী, ইউপি সদস্য আশিক ইকবাল চঞ্চল, মসজিদের পেশ ইমাম পল্লী চিকিৎসক সোলায়মান হক, বিএনপি নেতা আজিজুল হক, আব্দুর রহমান এবং সাংবাদিক আওয়াল হোসেন। বক্তারা সীমান্তবর্তী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘কোনোভাবেই মানব পাচার বা মাদকের সঙ্গে যুক্ত হবেন না। অপরিচিত কাউকে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানান।’
একই দিন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর উদ্যোগে বাঘাডাঙ্গা বিওপির আওতাধীন জিন্নাহনগর মাধ্যমিক বিদ্যালয়ে আরও একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল আলম। সভায় তিনি বলেন, ‘মানব পাচার একটি জঘন্য মানবতা বিরোধী অপরাধ। যারা মিথ্যা প্রলোভনে ফেলে বিদেশে নিয়ে যাওয়ার নামে মানুষ পাচার করে, তারা সমাজ ও দেশের শত্রু। এই অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। নিজের পরিশ্রমই হোক জীবনের সফলতার চাবিকাঠি।’
উভয় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ইমাম ও সাংবাদিকসহ প্রায় ৩৫০-৪০০ জন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মানব পাচার ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম চলবে।
সমীকরণ প্রতিবেদক