আলমডাঙ্গায় ৩৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সকালে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনের উদ্যোগ নেয় উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস। ‘পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (এসইডিপি)’-এর আওতায় ২০২২ ও ২০২৩ সালে উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ নম্বর ও জিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা. দিল আরা চৌধুরী। তিনি বলেন, ‘এই সংবর্ধনা শিক্ষার্থীদের পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্নের স্বীকৃতি। তাদের মধ্যে আগামীর নেতৃত্বের সম্ভাবনা দেখছি।’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশীষ কুমার বসু। তিনি বলেন, ‘ভবিষ্যতে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।’
বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, জেলা সহকারী পরিদর্শক মোহাম্মদ মুস্তাকিন বিল্লাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু ও পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন। সভা সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ইমরুল হক। বক্তব্য দেন মামুন রেজা, আশরাফুল ইসলাম, আবুল কাশেম, অভিভাবক আব্দুর রাজ্জাক এবং কৃতী শিক্ষার্থী তাফরিন আক্তার তিয়া ও নাবিফ হাসনাত। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গা অফিস