আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক দুটি অভিযানে চোরাই ছাগল, ইজিবাইক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। এসব ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার বিকেল চারটার দিকে আলমডাঙ্গা উপজেলার মাজহাদ গ্রামের রাকিব হোসেনের একটি পালিত কালো খাসি ছাগল চুরি করে পালাতে চেষ্টা করে একদল যুবক। স্থানীয়রা চুরির বিষয়টি বুঝতে পেরে ধাওয়া করে দাসপাড়া মোড় সংলগ্ন পাকা রাস্তা থেকে তিনজনকে আটক করে। পরে তাদেরকে পুলিশের হেফাজতে দেয়া হয়।
আটককৃতরা হলেন- উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামের মৃত রাহাত আলী মণ্ডলের ছেলে সাইফুল ইসলাম (৩৫), একই গ্রামের মিলন হোসেনের ছেলে সজিব হাসান (২০) ও সুমিরদিয়া রেলপাড়া গ্রামের ইছানুর হকের ছেলে হাসান ইসলাম (২০)। তাদের কাছ থেকে চোরাই ছাগল ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়। খবর পেয়ে পাঁচকমলাপুর পুলিশ ক্যাম্পের এসআই আহম্মদ আলী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে আসামিদের আটক করে থানায় নিয়ে আসেন।
এদিকে, একই দিন রাত ৯টা ১৫ মিনিটে আলমডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাউসপুর ব্রিজ সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে ১২টি বুপ্রেনরফাইন ইনজেকসহ আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- আনন্দধাম গ্রামের মকবুল হোসেনের ছেলে সোহেল (৩২) এবং বেলগাছি গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে আসাদুজ্জামান (৫৫)। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান পিপিএম বলেন, ‘আইনের চোখ ফাঁকি দিয়ে অপরাধ করে কেউ পার পাবে না। সাধারণ মানুষের সম্পদ রক্ষা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
আলমডাঙ্গা অফিস