দর্শনা বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও বিদ্যালয়ের শহিদ মিনারের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় দর্শনা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে শিক্ষক, বিএনপির নেতা-কর্মী ও অভিভাবকদের সাথে পরিচয় করিয়ে দেন প্রধান শিক্ষক এ কে এম হুমায়ন কবির। এই কমিটির সভাপতি হলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু।
এসময় দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট এবং দর্শনা সরকারি কলেজ সংসদের সাবেক ভিপি ও দর্শনা পৌর কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ দর্শনা বালিকা বিদ্যালয়কে সরকারিকরণের দাবি তোলেন। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘আমি সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে, আমি আপ্রাণ চেষ্টা করব, দর্শনা বালিকা বিদ্যালয়টি সরকারিকরণে।’
আলোচনা সভা শেষে নবনির্বাচিত কমিটির সভাপতি ছাড়া অভিভাবক সদস্য আপু সুলতান ও শিক্ষক সদস্য হাফিজুর রহমানের হাতে ফুলেল তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য শরীফ উদ্দিন, নাহরুল ইসলাম, দর্শনা প্রেসক্লবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, বিএনপি নেতা নাজমুল হুদা, জহুরুল ইসলাম, সানোয়ার হোসেন ও স্বপন। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা বালিকা বিদ্যালয়ের শিক্ষক নাহারুল ইসলাম। পরিচিতি সভা শেষে বিদ্যালয়ের শহিদ মিনারের নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
দর্শনা অফিস