জীবননগর উপজেলার হাসাদাহ-সন্তোষপুর সড়কে অনাকাক্সিক্ষত দুর্ঘটনা রোধে কাঁটাপোল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে স্পিডব্রেকার নির্মাণের দাবিতে শিক্ষার্থী ও এলাকার সাধারণ জনতা মানববন্ধন করেছে। গতকাল রোববার বিকেলে জীবননগর উপজেলা কাঁটাপোল বাজার প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সড়কের পাশে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে অংগ্রহণকারীরা দাবি করেন, গুরুত্বপূর্ণ এই সড়কটিতে শিক্ষার্থী ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ও অনাকাক্সিক্ষত মৃত্যুরোধে অনতিবিলম্বে সড়কের স্পিড ব্রেকার তৈরি করতে হবে। তারা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন কাঁটাপোল ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ, কাঁটাপোল গ্রামের মেম্বার আতিকুজ্জামান সণ্টু, জামায়াত নেতা আবুল কালাম, কাঁটাপোল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, সহকারী শিক্ষক মুজিবুর রহমান মণ্টুসহ স্থানীয় গ্রামবাসী।
উল্লেখ্য, গত ২১ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে একটি ভ্যানের ধাক্কায় তাকিয়া সুলতানা (৬) নামে শিশু শ্রেণিতে পড়া এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। সে কাঁটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী। তাকিয়া সুলতানা একই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে।
প্রতিবেদক হাসাদাহ