মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে নারীসহ ১৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সীমান্ত এলাকার বাঘাডাঙ্গা ও পলিয়ানপুর সীমান্তপথে অভিযান চালিয়ে ১৩ জনকে আটকসহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়। গতকাল মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বেলা দুপুর ১টা ২০ মিনিটে বাঘাডাঙ্গা বিওপির সীমান্ত পিলার ৬০/২৬-আর থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের ভেতরে সলেমানপুর গ্রামের মাঠে নিয়মিত টহল চলাকালে ২ বাংলাদেশি নারীকে আটক করা হয়। তারা অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন। পরে তাদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
এর আগে সকাল ৯টার দিকে একই বিওপির সীমান্ত পিলার ৬০/৩৩-আর সংলগ্ন বাঘাডাঙ্গা গ্রামের মাঠ থেকে ভারত থেকে আসার সময় আরও দুই বাংলাদেশিকে আটক করে বিজিবি। আটকরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর গ্রামের ইশা শেখ (৪৫) ও একজন নারী। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
একই সময় পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের কামাল হোসেন (৩৩) ও আরিফুল ইসলাম (২০) নামের দুই যুবককে আটক করা হয়। তাদেরকেও থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া বেলা ১১টার দিকে বাঘাডাঙ্গা গ্রামের দুইতলা মসজিদের সামনে থেকে সীমান্ত পিলার ৬০/৪১-আর থেকে প্রায় ২০০ গজ অভ্যন্তরে নিয়মিত টহলে আটক করা হয় আরও ৬ জনকে। এদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। আটককৃতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার বড় সিংগার হাফিজুল মোল্লা (২২), নড়াইলের কালিয়ার ভোমবাগ গ্রামের মিরাজুল মীর (৪১) ও যশোরের অভয়নগরের পাথালিয়া গ্রামের মিজানুর রহমান (৫২)। তাদের বিরুদ্ধেই সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সমীকরণ প্রতিবেদক