শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাত হারিয়েও হার মানেননি জমসেদ

  • আপলোড তারিখঃ ২৮-০৭-২০২৫ ইং
হাত হারিয়েও হার মানেননি জমসেদ


সেলিম রেজা, হাটবোয়ালিয়া:
আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের এক জীবন্ত অনুপ্রেরণা- জমসেদ আলী। বাইরে থেকে সাধারণ একজন বাদাম বিক্রেতা মনে হলেও ভেতরে তিনি এক অসম লড়াইয়ের সৈনিক। একসময় নারকেল গাছে পাতা ছাঁটা ছিল তাঁর জীবিকা। প্রতিদিন সাইকেল চড়ে গ্রাম থেকে গ্রাম ঘুরে কাজ করতেন। মাথা নিচু করে নয়, বরং গাছের মাথায় উঠে নিখুঁতভাবে কাজ করতেন। তাঁর সেই পরিশ্রমে লুকিয়ে ছিল বহু শৈশবের স্মৃতি।


কিন্তু এক দুর্ঘটনায় বদলে যায় সবকিছু। হারিয়ে ফেলেন এক হাতের অর্ধেক অংশ। দিনমজুরের কাছে দেহটাই পুঁজি- আর সেই পুঁজিই যখন খোয়া যায়, তখন অধিকাংশ মানুষ জীবনের কাছে হার মানে। কেউ হয়তো করুণার পথ খোঁজে, কেউ হাত পাতে সমাজের কাছে। কিন্তু জমসেদ আলী ছিলেন অন্য ধাতুতে গড়া।


শরীর হারালেও মন হারাননি। আত্মসম্মান ধরে রেখে নতুন করে জীবন শুরু করেন। পাশে দাঁড়ান হাটবোয়ালিয়া হাটুভাঙ্গা গ্রামের জাতীয়তাবাদী যুবদল নেতা আবুল কালাম। তিনি জমসেদকে ২ হাজার টাকা পুঁজি দেন বাদাম বিক্রির জন্য। শুরু হয় তাঁর নতুন লড়াই। সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত হাটবোয়ালিয়া বাজার, আশপাশের স্কুল-কলেজ, মাদরাসা এমনকি রাস্তার মোড়েও ঘুরে ঘুরে বাদাম বিক্রি করেন তিনি। রোদ, বৃষ্টি, কাদা- কোনো কিছুই থামাতে পারে না তাঁকে।


ছোট সংসারে স্ত্রী ও এক ছেলেকে নিয়ে তাঁর বেঁচে থাকা। মেয়ে বিয়ে হয়ে গেছে। ছেলের লেখাপড়ার খরচ জোগানোও কঠিন হয়ে উঠেছে তাঁর জন্য। তবুও একচিলতে হাসি ও পরিশ্রমে তিনি এগিয়ে যাচ্ছেন প্রতিদিন। হাটবোয়ালিয়া বাজারের ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, ‘আগে দেখতাম জমসেদ চাচা নারকেল গাছে উঠতেন। এখন দেখি প্রতিদিন বাদাম বিক্রি করেন। আমাদের কাছেও বাদাম দেন। খুব সৎ আর পরিশ্রমী মানুষ উনি।’


যেখানে সমাজে অনেক সুস্থ, কর্মক্ষম মানুষ অলসতায় গা ভাসিয়ে দেয়, কেউ কেউ আবার অনৈতিক পথ বেছে নেয়- সেখানে জমসেদ আলীর মতো মানুষেরা নিঃশব্দেই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন আত্মমর্যাদার মানে। জমসেদ আলী কোনো হেডলাইনের নায়ক নন, পদকজয়ী বক্তাও নন। তবুও তিনি এক জীবন্ত পাঠশালা। তিনি প্রমাণ করে দিয়েছেন- ‘জীবন যত কঠিনই হোক, হাত না থাকলেও যদি মন থাকে, তাহলে সম্মান নিয়ে বেঁচে থাকা যায়।’



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত