আলমডাঙ্গা উপজেলার খাসকররা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবারের এসএসসি পরীক্ষায় ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। মোট ৪৩ পরীক্ষার্থীর মধ্যে ৩৬ জন উত্তীর্ণ হয়েছে এবং এর মধ্যে ৬ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। কৃতী শিক্ষার্থীদের এই কৃতিত্বকে সম্মান জানাতে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে গতকাল বুধবার এক সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জীবননগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অ্যাড. আবিদ আজাদ আকমলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও খাসকররা ডিগ্রি কলেজের সভাপতি মোমিন মালিতা।
প্রধান অতিথির বক্তব্যে মোমিন মালিতা বলেন, ‘এসএসসি হচ্ছে ছাত্রজীবনের প্রাথমিক ধাপ। যারা এখানে ভালো করেছে, তাদেরকে অবশ্যই এইচএসসিতেও ভালো করতে হবে। উচ্চ মাধ্যমিক হলো জীবনের টার্নিং পয়েন্ট- এখানে আবেগ ও বয়সকে নিয়ন্ত্রণ করে নিজেকে গড়ে তুলতে হবে।’ তিনি আরও বলেন, ‘সিলেবাসভিত্তিক পড়ালেখার পাশাপাশি বিস্তৃত জ্ঞান অর্জনের দিকেও মনোযোগী হতে হবে।’
বিদ্যালয়ের দাবি প্রসঙ্গে মোমিন মালিতা বলেন, ‘জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এবং চুয়াডাঙ্গা-১ আসনে জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ সংসদ সদস্য নির্বাচিত হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয়তা পূরণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে ইনশাআল্লাহ।’
সভাপতির বক্তব্যে অ্যাড. আবিদ আজাদ আকমল বলেন, ‘একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয় তৈরি হয় তার শিক্ষার্থীদের সাফল্যের মাধ্যমে। ভালো ফলাফলের পেছনে রয়েছে শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের সম্মিলিত টিমওয়ার্ক। আমরা খাসকররা বালিকা বিদ্যালয়কে আরও উচ্চতায় নিয়ে যেতে চাই।’
সহকারী শিক্ষক কাজী মো. আবু সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার ইমরুল হক, খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সিনিয়র সহসভাপতি আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান পিন্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম এবং খাসকররা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফয়জুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন খাসকররা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আলমগীর আলম, মিডিয়া কর্মী বুলবুল আহমেদ শিপন, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকেও অনেকে বক্তব্য প্রদান করে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আনোয়ারুল হক।
সমীকরণ প্রতিবেদন