ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক দুই বাংলাদেশি নাগরিককে ফেরত নেয়া হয়েছে। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে সীমান্ত পিলার-৬০/২৯-আর পিলারের শূন্য লাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) উপ-অধিনায়ক, অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের জোড়পাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) বাঘাডাঙ্গা বিওপি কমান্ডারকে অবৈধভাবে ভারতে বসবাসরত দুই বাংলাদেশিকে আটকের বিষয়ে জানায়। এবং বাংলাদেশিদের ফেরত নেয়ার জন্য বিজিবিকে অনুরোধ জানিয়ে আটককৃতদের পরিচয়ের বিস্তারিত বিজিবিকে প্রেরণ করে। পরে তাদের পরিচয় নিশ্চিত হয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ-এর নিকট থেকে আটক দুজনকে গ্রহন করে বিজিবি। শেষ খবর পাওয়া পর্যন্ত মহেশপুর থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে আটককৃতদের সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।
সমীকরণ প্রতিবেদন