বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুয়াডাঙ্গা পৌর শাখার ৬ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় পৌর এলাকার হাজরাহাটি মোড়ে ওয়ার্ড বিএনপির এই ফরম বিতরণ শুরু হয়। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান জোয়ার্দার স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি।
বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক আজম আলী যুগ্ম সম্পাদক উজল আহমেদ, ওয়ার্ড ছাত্রদলের সভাপতিসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলনকে আরও বেগবান করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে। সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে দলকে আরও শক্তিশালী করে দলের জন্য কাজ করে যেতে হবে। এছাড়াও বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক