জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত গোপালগঞ্জ পদযাত্রা ও সমাবেশে হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মশাল মিছিল করেছে বিপ্লবী ছাত্র-জনতা ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাত ৯টা ২০ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে শুরু হয় এই প্রতিবাদ কর্মসূচি। মশাল হাতে মোটরসাইকেল শোভাযাত্রায় শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে কোর্ট মোড় হয়ে শহিদ হাসান চত্বর ঘুরে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ করে মিছিলটি। এসময় তারা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন জ্বালাময়ী স্লোগান দেয়।
সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সদস্যসচিব সাফফাতুল ইসলাম। তিনি বলেন, ‘গোপালগঞ্জে স্বৈরাচারের দোসররা নৃশংসভাবে হামলা চালিয়েছে। আমরা দেখেছি, আগের রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় তারা হুমকি-ধমকি দিয়ে আসছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসন এই বর্বর হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ছাত্র-জনতার অংশগ্রহণে একটি গণঅভ্যুত্থান হয়েছিল, আর সেই অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে কোনো স্বৈরাচারের দালাল যদি কোনো বিপ্লবীর দিকে চোখ তুলে তাকায়, তবে বাংলার মানুষ সেই চোখ উপড়ে ফেলবে। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান-অবিলম্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ নিষিদ্ধ সকল সংগঠনের দোসরদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনুন। তা না হলে এই মব-মব খেলার জবাব বাংলার জনগণ ও ছাত্র-জনতা দিয়ে দেবে। যদি এই দৃশ্য দেখতে না চান, তাহলে দ্রুত ব্যবস্থা নিন, নয়তো আপনাদের আরেকটি গণজোয়ারের মুখোমুখি হতে হবে। সেই গণজোয়ারের মুখোমুখি হওয়ার সাহস আপনাদের নেই।’ মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ফাহিম, সজিব, নিশাত, মুশফিক, সৈকতসহ সাধারণ ছাত্র-জনতা।
নিজস্ব প্রতিবেদক