ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে লাফিয়ে পড়ে নিখোঁজ রয়েছে নাঈম (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। দুইদিন পার হলেও তার খোঁজ মেলেনি। গত সোমবার ও গতকাল মঙ্গলবার দিনভর ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর অনেকে নদীতে নেমে তন্নতন্ন করে খুঁজেও তাকে উদ্ধার করতে পারেনি। নিখোঁজ শিশু কালীগঞ্জ উপজেলার মাসলিয়া গ্রামের সবজি বিক্রেতা মহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, গত সোমবার দুপুরে বাড়ির পাশে বুড়ি ভৈরব নদীর হাসিলবাগ ব্রিজের উপর থেকে গোসল করতে লাফ দেয় নাঈম। এসময় তার সঙ্গে অন্য বন্ধুরাও ছিল। সবাই উঠে এলেও নিখোঁজ হয়ে যায় নাঈম। খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। এরপর জানানো হয় কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে। তারা উদ্ধার অভিযান শুরু করে।
পরে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে যোগ দেয়। তবে প্রথম দিন সন্ধ্যা ৮টার দিকে ব্যর্থ হয়ে উদ্ধার কাজ বন্ধ রাখা হয়। গতকাল সকাল থেকে ফের অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। কিন্তু পানিতে প্রচণ্ড গ্রোত ও কচুরিপানার স্তূপ থাকায় উদ্ধার কাজে বিঘ্ন ঘটে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, ‘উদ্ধার অভিযান চলছে। তবে নদীতে প্রচুর কচুরিপানা থাকায় খুঁজে পেতে সমস্যা হচ্ছে। ধারণা করা হচ্ছে, গ্রোতের টানে মরদেহ সরে গিয়ে কোথাও কচুরিপানার নিচে আটকে থাকতে পারে।’
ঝিনাইদহ অফিস