চুয়াডাঙ্গার হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা হলে শিক্ষার্থীদের জয় বাংলা স্লোগান দেয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের জয় বাংলা স্লোগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে একজন শিক্ষার্থী হাত উচু করে জয় বাংলা স্লোগান দেওয়ার পর ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীরা স্বসরে চিৎকার করে জয় বাংলা স্লোগান দেওয়া শুরু করেছে। ১৫ সেকেন্ডের এই ভিডিও গত ৮ তারিখে ক্লাস পরীক্ষার শেষ দিন ধারণ করা হলেও ১৪ তারিখে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েকজন ভিডিওটি নিজের আইডিতে পোস্ট করে বলেন, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয় এখনও আওয়ামী লীগের দখলেই রয়ে গেল। স্কুলে জয় বাংলা স্লোগান দেওয়ার বিষয়ে নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্কুলে জয় বাংলা স্লোগান দেওয়ার বিষয়টি জানার সাথে সাথে নেহালপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলেছে। ওই দিন স্কুলে প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন না। যেহেতু তারা সবাই অপ্রাপ্ত শিক্ষার্থী। তাদের কেউ উস্কে দিয়েছে কি না তা জানার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের ডাকে সতর্ক করার বিষয়টি প্রধান শিক্ষককে বলা হয়েছে।
এ বিষয়ে হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘আমি বিষয়টি জানার সাথে সাথে অভিযুক্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে কথা বলেছি। কেউ শিক্ষার্থীদের উস্কে দিয়েছে কি না তদন্ত করা হচ্ছে।’
প্রতিবেদক হিজলগাড়ি