শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার ও ডিঙ্গেদাহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ফার্মেসিকে জরিমানা

  • আপলোড তারিখঃ ১৬-০৭-২০২৫ ইং
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ফার্মেসিকে জরিমানা

চুয়াডাঙ্গা পৌর এলাকার কবরী রোড, পাইকারি মাছ বাজার ও গমপট্টিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত চলা এ অভিযানে একাধিক অনিয়ম ধরা পড়ে। অভিযানকালে কবরী রোডের মেসার্স মোহাম্মদ ড্রাগ হাউজকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে শুধু ট্রেড লাইসেন্সের ভিত্তিতে ব্যবসা চালিয়ে আসছিলেন। বিষয়টি জানার পর দ্রুত প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।


অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মামুনুল হাসান। তিনি বলেন, ‘ভোক্তাদের স্বাস্থ্য নিয়ে কোনো আপস নয়। মেয়াদোত্তীর্ণ বা অনুমোদনহীন পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তদারকিকালে মাছ ও চাল বাজারে উপস্থিত ব্যবসায়ীদের সতর্ক করে নিয়ম মানার পরামর্শ দেওয়া হয়। পণ্যের মূল্য তালিকা হালনাগাদ রাখা, অতিরিক্ত দাম না নেওয়া এবং ভেজাল বা নিম্নমানের খাদ্যসামগ্রী বিক্রি না করতে নির্দেশ দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল। 


এদিকে, চুয়াডাঙ্গার ডিঙ্গেদাহ বাজারে ভেজাল ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ফার্মেসিকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত সদর উপজেলার ডিঙ্গেদাহ বাজারে অভিযান চালায় জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের একটি যৌথ দল। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম।


ওষুধ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে ডালিয়া ফার্মেসিকে ১ হাজার ৫০০ টাকা এবং আমেনা মেডিকেল হলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ‘ঔষধ ও কসমেটিকস্ আইন-২০২৩’-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় এ দুই প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনা হয়। এছাড়াও, ফার্মেসিগুলো ভারত ও চায়না থেকে আনা অনুমতিবিহীন ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও সংরক্ষণ করছিল। অভিযানে এসব অননুমোদিত ওষুধ জব্দ করা হয়। চুয়াডাঙ্গা জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয়দের মতে, এমন অভিযান নিয়মিত হওয়া দরকার, যাতে জনস্বাস্থ্য নিয়ে কেউ ব্যবসা করার সাহস না পায়।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে বিজিবি সদস্যের জমি দখলের চেষ্টার অভিযোগ