চুয়াডাঙ্গায় জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল রোববার শহরের কোর্ট রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নকল, ভেজাল, ভারতীয় আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পলজাতীয় ওষুধ বিক্রয় ও সংরক্ষণের অভিযোগে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এস. এম. আব্দুর রউফ শিবলু। অভিযান চলাকালে ওষুধ প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন ফার্মেসিতে তদারকি চালান।
এ সময় অনুমোদন ছাড়া ভারতীয় ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় এবং সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। গতকাল ওষুধ প্রশাসন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের তত্বাবধায়ক তাহমিদ জামিল এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শহরের কোর্ট রোডের মালিক মেডিসিন কর্নার ও পাইওনিয়ার মেডিকেল স্টোরে এসব অনিয়ম ধরা পড়ে। ওষুধ ও কসমেটিকস আইন-২০২৩ এর ৪০(খ) ও ৪০(গ) ধারার লঙ্ঘনে মালিক মেডিসিন কর্নারকে ১ হাজার ৫০০ টাকা এবং পাইওনিয়ার মেডিকেল স্টোরকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে জব্দ করা হয় ভারতীয় ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল। পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করে জেলা পুলিশের একটি দল।
নিজস্ব প্রতিবেদক