সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার চন্দ্রবাসে কলেজছাত্রের আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ১২-০৭-২০২৫ ইং
দামুড়হুদার চন্দ্রবাসে কলেজছাত্রের আত্মহত্যা

দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সাকিব শেখ (২৫) নামের এক কলেজ শিক্ষার্থী। নিহত সাকিব ওই গ্রামের ডাক্তারপাড়া এলাকার কুদ্দুস শেখের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে সাকিব। পরিবারের সদস্যরা শুক্রবার সকালে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং দ্রুত রশি কেটে নামিয়ে আনেন। কিন্তু ততক্ষণে সাকিবের মৃত্যু হয়।


সাকিবের বাবা কুদ্দুস শেখ জানান, ‘ছেলের কারো সঙ্গে কোনো ঝগড়া বা পারিবারিক কলহ ছিল না। হঠাৎ করে সে এমন চরম সিদ্ধান্ত নেবে, তা কোনোভাবেই কল্পনা করতে পারছি না।’ জানা গেছে, সাকিব একজন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার এমন অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, সাকিবের আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়।


খবর পেয়ে নাটুদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ শুভ্র জিৎ পাল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। বিষয়টি দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরকে জানানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত সাকিবের মরদেহ দাফনের প্রস্তুতি চলছিল এবং দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী