ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন ঝিনাইদহ শহরতলীর দিনমজুর মোতালেব আলী। মলদ্বারে ক্যানসার ধরা পড়েছে ৬৩ বছর বয়সী এই পরিশ্রমী মানুষটির। কিন্তু চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা খরচ চালানোর মতো আর্থিক সামর্থ্য নেই তার। ফলে ৯৩ বছর বয়সী মাকে সঙ্গে নিয়ে সাত সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি এখন কেবল মৃত্যুর প্রহর গুনছেন।
পরিবার সূত্রে জানা গেছে, এক সময় শহরের বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে সততার সঙ্গে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন মোতালেব আলী। কিন্তু এখন তিনি পুরোপুরি অন্যের সহায়তার ওপর নির্ভরশীল। মোতালেব আলী জানান, বেশ কয়েক বছর ধরে মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে বছর কয়েক চিকিৎসা নিয়ে শেষ সম্বলটুকু হারান। পরে ঢাকার মুগদা মেডিকেল কলেজের কলোরেক্টাল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিক আকতার খানের শরণাপন্ন হলে প্রাথমিকভাবে ক্যান্সার হয়েছে বলে নিশ্চিত হন। চূড়ান্তভাবে নিশ্চিত হতে হলে আরও কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করাতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক। কিন্তু দরিদ্র মোতালেব আলীর পক্ষে তা করানো একেবারেই অসম্ভব।
তার ছোট মেয়ে জলি খাতুন জানান, বাবা শয্যাশায়ী হওয়ার পর কলেজপড়ুয়া একমাত্র ভাই বাপ্পি পড়াশোনা ছেড়ে দিয়ে শ্রমিকের কাজ করছেন সংসার চালাতে। কিন্তু চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না। দেশ-বিদেশের কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তা ছাড়া বাবাকে বাঁচানো আর সম্ভব নয়। কেউ সাহায্য করতে চাইলে বিকাশ নম্বর-০১৯৪১৯৯২০০১ (নাম: পন্না) এ সহায়তা পাঠানোর অনুরোধ জানিয়েছেন মোতালেব আলীর পরিবার
ঝিনাইদহ অফিস