প্রতিবেদক, দামুড়হুদা/ কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ভুয়া এক চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে অভিযোগ পেয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভুয়া এক চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান।
জানা গেছে, হরিণাকুণ্ডু উপজেলার আলী রেজার ছেলে বাইতুল মোকাদ্দেস নামে পরিচিত ব্যক্তি গতকাল বেলা ১১টা থেকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের পাশে রোগী দেখছিলেন। তিনি ও তার দল বিভিন্ন এলাকায় মাইকিং করে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়ার কথা বলতেন। এদিগে, ডিগ্রি ছাড়ায় প্রেসক্রিপশন করার অভিযোগ পেয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান ও উপজেলা পরিবার পরিবল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা ঘটনাস্থলে হাজির হন এবং প্রতারণার সত্যতা পান। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাইতুল মোকাদ্দেসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান বলেন, এ ধরনের প্রতারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সমীকরণ প্রতিবেদন