মেহেরপুর সদর উপজেলায় বারি ওলকচু-৪ ও বারি তিল-৬ এর উৎপাদন কর্মসূচির ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বারাদীতে এই মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদরে ‘বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও দেশের মধ্য-পশ্চিমাঞ্চলের পরিবেশ-প্রতিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদারকরণ’ শীর্ষক প্রকল্পের অর্থায়নে ও বাস্তবায়নে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-প্রকল্প পরিচালক (ডিপিডি) ড. জাহান আল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, কুষ্টিয়া সগবি বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মামুন হুসাইন ও কুষ্টিয়া সগবি বৈজ্ঞানিক সহকারী (এসও) মো. রাসেল কবীর তরফদার। মাঠ দিবসের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া সগবির বৈজ্ঞানিক সহকারী হাসান আলী।
প্রধান অতিথির বক্তব্যে উপ-প্রকল্প পরিচালক (ডিপিডি) ড. জাহান আল মাহমুদ বলেন, ‘কৃষি গবেষণা কেন্দ্র হওয়ায় এখানে নতুন জাত খুব সহজে পাওয়া যাবে। আপনারা অনেক কিছু আগেই জানতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘আমরা খুব দ্রুতই মসলা জাতীয় ফসলও উৎপাদন করব। তখন আপনাদের বীজ আমদানি নির্ভরতা কমবে। প্রকল্প আসলে বীজ উৎপাদন ভালো হবে। এখানকার পেয়াঁজের বীজও সারাদেশে বিক্রি হবে। এখানকার কৃষি ক্ষেত্রের আরও উন্নয়ন হবে।’
মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘দেশের মধ্যে কৃষির জন্য আমাদের অঞ্চল শ্রেষ্ঠ। আমাদের কিছু অপূর্ণতা ছিল। সেগুলো পূরণ হয়ে যাচ্ছে। আমাদের এখানে একটি কৃষি গবেষণা কেন্দ্র হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের আরেকটি অপূর্ণতা আছে। মৃত্তিকা গবেষণা কেন্দ্রের। সেটির কাজও চলছে, আশা রাখছি দ্রুতই এটিও আমরা পাবো।’
কুষ্টিয়া সগবি বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মামুন হুসাইন বলেন, ‘বারি ওলকচু-৬ উন্নতজাতের। এটা হার্ভেস্ট হয় তখন, যখন বাজারে সবজি কম থাকে। যার ফলে এটির ভালো দামও পাওয়া যায়। এছাড়া বারি তিল-৬ ফসলটাও ভালো ফলনশীল ফসল।’
নিজস্ব প্রতিবেদক