আলমডাঙ্গা উপজেলার বেতবাড়িয়া রেলগেটের পাশে রেললাইনের ধারে অজ্ঞাতপরিচয় এক যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। লোমহর্ষক এই দৃশ্য গত রোববার ভোরে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। রেলওয়ে পুলিশ জানায়, মরদেহের অবস্থা ছিল বিভৎস। শরীর থেকে মাথা বিচ্ছিন্ন, একটি হাত ও পা পাওয়া যায়নি। মুখমণ্ডল থেতলে গিয়েছিল। শরীরের বিভিন্ন অংশের মাংস ছিটকে ছড়িয়ে ছিল চারদিকে।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, ‘ধারণা করা হচ্ছে, রাতে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। তবে এত রাতে নির্জন ফাঁকা মাঠে ওই যুবক কীভাবে এলো, সেটা নিয়েও প্রশ্ন আছে। হয়ত তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।’
এসআই জগদীশ চন্দ্র বসু জানান, ঘটনাস্থল থেকে একটি ছেঁড়া লুঙ্গি ও শার্ট উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তের জন্য ঝিনাইদহ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। এসআই জগদীশ চন্দ্র বসু আরও বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত না হতে পারলেও আমাদের ধারণা এটি হত্যা নয়। তদন্ত চলমান রয়েছে।’
এদিকে, লাশ উদ্ধারের পর গত রোববার দুপুরেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে আনজুমান মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনকার্য সম্পন্ন করা হয়।
নিজস্ব প্রতিবেদক