আলমডাঙ্গা আইলহাঁস ইউনিয়নে গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। গতকাল সোমবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে দোয়া ও সমর্থন কামনা করেন।
ইউনিয়ন জামায়াতের আমির লিয়াকত আলীর নেতৃত্বে ও সেক্রেটারি জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় গণসংযোগ শুরু হয় বলেশ্বরপুর থেকে। এরপর তিনি মোকামতলা, বুড়াপাড়া, বাগুন্দা, আইলহাঁস, শিশিরদাড়ি, পাইকপাড়া, ঘোলদাড়ীসহ একাধিক গ্রামে সফর করেন। গণসংযোগকালে তিনি বলেন, আইলহাঁস ইউনিয়নের মানুষের জন্য ন্যায়, উন্নয়ন এবং জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠাই আমার অঙ্গীকার। ইনশাআল্লাহ, জনগণের দোয়া ও সমর্থন পেলে আমি এই এলাকাকে আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চেষ্টা করব।
গণসংযোগে ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণ ব্যাপকভাবে অংশ নেন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা এবং খাসকররা ইউনিয়নের সহসভাপতি সমিরুল ইসলাম।
আলমডাঙ্গা অফিস