চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি পৃথক অভিযানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১০ জনকে আটক করা হয়েছে। এছাড়া বিএসএফ আটককৃত ৩ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে।
গত বুধবার রাতে মেদিনীপুর, রাজাপুর ও ঈশ্বরচন্দ্রপুর সীমান্তে বিজিবির নেতৃত্বে পরিচালিত তিনটি অভিযানে আসামীবিহীন মোট ৮৮ বোতল ভারতীয় মদ ও ৭৯৬ পিচ যৌন উত্তেজক ট্যাবলেট (ভায়াগ্রা) উদ্ধার করা হয়। এর মধ্যে মেদিনীপুরে হাবিলদার মো. জামাল খাঁনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। রাজাপুরে নায়েক মো. শেখ মুরাদ হোসেনের নেতৃত্বে ২০ বোতল মদ ও ৪০০ পিচ ভায়াগ্রা উদ্ধার করা হয়। আর ঈশ্বরচন্দ্রপুরে হাবিলদার এস এম মজনুর নেতৃত্বে ১৯ বোতল ভারতীয় মদ ও ৩৯৬ পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।
এদিকে গত বুধ ও গতকাল বৃহস্পতিবার তারিখে পৃথক টহলে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ১০ বাংলাদেশিকে আটক করা হয়েছে, যাদের মধ্যে নারী, শিশু ও একজন দালালও রয়েছেন।
অপরদিকে, গতকাল দুপুরে রামনগর বিএসএফ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয় যে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আসা ১ নারী ও ২ শিশুকে আটক করা হয়েছে। বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বিকেল ৪টা ৩০ মিনিটে ওই তিনজনকে শূন্য রেখায় বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। বর্তমানে তাদের থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সমীকরণ প্রতিবেদক