আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মেহেরপুর জেলার সকল পশুহাটে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আর্থিক লেনদেন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মেহেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলার পুলিশ সুপার মাকসুদা আকতার খানম।
সভায় জেলার বিভিন্ন পশু হাটের ইজারাদার, ব্যাংক কর্মকর্তা, এজেন্ট ব্যাংক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা ঈদকে কেন্দ্র করে পশু হাটে ক্রেতা-বিক্রেতাদের সুবিধা-অসুবিধা, যানজট সমস্যা ও আর্থিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন। পুলিশ সুপার জানান, আসন্ন ঈদকে ঘিরে জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পশু হাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও হাটে কন্ট্রোলরুম স্থাপন, জাল টাকা শনাক্তকরণে বিশেষ যন্ত্রপাতির ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
তিনি বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলকে সতর্ক থাকতে হবে এবং জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব জামিনুর রহমান খান, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ওসি (ডিবি), ট্র্যাফিক ইন্সপেক্টর (টিআই), পশু হাটের ইজারাদারবৃন্দ ও ব্যাংক কর্মকর্তারা।
প্রতিবেদক মেহেরপুর