দর্শনা কেরুজ সুপার মার্কেটের নিচতলায় নবনির্মিত ৪১টি দোকান স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশে লটারির মাধ্যমে বরাদ্দ দিয়েছে কেরু অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড। এক বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র আহ্বান করলে ২৪৬ জন আবেদনকারী অংশ নেন। পরে গত ২০ মে দর্শনা কেরুজ ট্রেনিং সেন্টারে উপস্থিত ৭০-৮০ জন দরদাতার সামনে লটারির মাধ্যমে ৪১ জনের মাঝে দোকান বরাদ্দ করা হয়।
জানা গেছে, কেরুজ সুপার মার্কেটের নিচতলায় ৪১টি এবং দোতলায় আরও ৪১টিসহ মোট ৮২টি দোকান ঘর রয়েছে। প্রথম ধাপে নিচতলার দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। দোতলার দোকানগুলোর বরাদ্দ প্রক্রিয়া খুব শিগগির শুরু হবে বলে জানান কেরুজ ব্যবস্থাপনা পরিচালক। কেরুজের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, কোনো ধরনের হট্টগোল বা অভিযোগ ছাড়াই এক উৎসবমুখর পরিবেশে বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। দরদাতারা প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কেরুজের স্বচ্ছতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিচালনার ভূয়সী প্রশংসা করেন।
দর্শনা অফিস