রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে চুয়াডাঙ্গায় হেফাজতে ইসলামের সমাবেশ

‘শাপলা থেকে জুলাই পর্যন্ত’ গণহত্যার বিচার চায় সংগঠনটি
  • আপলোড তারিখঃ ২৪-০৫-২০২৫ ইং
নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে চুয়াডাঙ্গায় হেফাজতে ইসলামের সমাবেশ

নারী সংক্রান্ত প্রস্তাবিত সংস্কার কমিশন বাতিল, শাপলা ও জুলাইসহ সকল গণহত্যার বিচার এবং হেফাজতে ইসলাম নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আসরের নামাজের পর বাংলাদেশ হেফাজতে ইসলাম চুয়াডাঙ্গায় জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পূর্বঘোষিত মিছিলটি বৃষ্টির কারণে বাতিল করে শুধুমাত্র সমাবেশ ও মোনাজাতের মধ্যদিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আব্দুস সামাদ।


বক্তারা বলেন, ‘ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে- মা, বোন, স্ত্রী ও কন্যা হিসেবে সম্মানিত করেছে। তথাকথিত নারী উন্নয়নের নামে কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন বা কমিশন মুসলমানরা মেনে নেবে না।’ তারা আরও বলেন, ‘নারী সংস্কার কমিশন বাতিল করে পুনর্গঠন করতে হবে। কুরআন-সুন্নাহবিরোধী কোনো পদক্ষেপ বরদাশত করা হবে না। আমাদের দাবি না মানা হলে দেশব্যাপী আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।’


সমাবেশে বক্তারা শাপলা চত্বর থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত ‘হাজার হাজার মুসলমান হত্যার’ বিচার দাবি করেন। একই সঙ্গে হেফাজতের ‘নিরপরাধ’ কর্মীদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান। সরকারকে হুঁশিয়ার করে বক্তারা বলেন, ‘মুসলমানদের ঈমান-আকিদা ও কোরআনের বিরুদ্ধে কোনও কিছু হলে তা রুখে দাঁড়ানো হেফাজতের ঈমানি দায়িত্ব।’


সমাবেশে সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল্লাহ। বক্তব্য দেন হেফাজতে ইসলাম জেলা শাখার সহসভাপতি মুফতি মোস্তফা কামাল কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান গাওহারী, প্রচার সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, জীবননগর থানা সভাপতি মাওলানা ইকবাল হোসেন ও সহ-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ রুহী প্রমুখ। বৃষ্টির কারণে কর্মসূচি সংক্ষিপ্ত করে শেষ মুহূর্তে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত