চুয়াডাঙ্গায় ঘুড়ি উড়ানোর সময় ছাদ থেকে পড়ে ইসসাইল হক (৭) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার হাসনহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে তাৎক্ষণিক উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শিশু ইসমাইল হাসনহাটি গ্রামের এরামুল হকের ছেলে।
আহত শিশুর চাচা তোতা মুন্সি জানান, গতকাল বিকেলে সমবয়সীদের সঙ্গে ইসমাইল প্রতিবেশী ইজাল উদ্দীনের একতলা বাড়ির ছাদে ঘুড়ি উড়াচ্ছিলো। ছাদের চারপাশে কোনো রেলিং বা সুরক্ষা ব্যবস্থা ছিল না। ঘুড়ি উড়ানোর সময় অসর্তক্যতাবসত শিশুটি ছাদ থেকে নিচে পড়ে যায়। দ্রুত সময়ের মধ্যে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসি। তাকে ডাক্তার তাকে ভর্তি রেখেছেন এবং দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার প্রয়োজনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, ‘শিশুটির মাথায় গুরুতর আঘাত লেগেছে। শরীরের কোথাও ফ্র্যাকচারের চিহ্ন পাওয়া না গেলেও শিশুটির অবস্থা শঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এদিকে, গতকাল বিকেলেই শিশুটিকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা করে পরিবারের সদস্যরা।
সমীকরণ প্রতিবেদন