দামুড়হুদার কুড়ুলগাছিতে সরকারি প্রণোদনার ১২ বস্তা ডিএপি সার অবৈধভাবে মজুদ রাখার অপরাধে মোশারফ হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কুড়ুলগাছির মোশারফের গোডাউনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব সার উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান এই জরিমানা আদায় করেন।
জানা যায়, মোশারফ হোসেন সরকারি প্রণোদনার সার মজুদ রাখার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তারকে জানান। উপজেলা কৃষি অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠান, এবং সত্যতা প্রমাণিত হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমানকে অবহিত করেন। তিনি ঘটনাস্থলে পৌঁছে মোশারফ হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তার অপরাধের কথা স্বীকার করেন। এই ঘটনায় মোশারফ হোসেনকে সরকারি প্রণোদনার সার মজুদ রাখার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর (১২)১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন দমুড়হুদা উপজেলা কর্মকর্তা শারমিন আক্তার, ডিবি পুলিশ ও দর্শনা থানা পুলিশের একটি দল।
সমীকরণ প্রতিবেদন