সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট পুলিশ পদক পেয়েছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান। গতকাল মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস তার হাতে এই পদক তুলে দেন।
মাসুদুর রহমান গত বছরের অক্টোবরে আলমডাঙ্গা থানায় তার চাকরি জীবনে প্রথম ওসি হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই দেশের বর্তমান পরিস্থিতিতে তিনি আলমডাঙ্গার আইনশৃঙ্খলা রক্ষার্থে সর্বদা সক্রিয় ভূমিকায় ছিলেন। এসময় তিনি বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেন। ডাকাতি মামলার আসামি ধরতে সফলতা দেখান। এলাকার মাদক নির্মূল করার চেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বলেন, এই কৃতিত্ব আমার একার নয়, এই কৃতিত্ব সমগ্র আলমডাঙ্গা থানাবাসীর। আমি শুধু আমার ওপর অর্পিত দায়িত্ব যথাসময়ে সঠিকভাবে পালনের চেষ্টা করে গিয়েছি। আমি যতদিন এই আলমডাঙ্গা থানায় দায়িত্ব পালন করব, আলমডাঙ্গাবাসীকে সাথে নিয়ে থানায় কর্মরত সকল অফিসার ও সকল স্টাফদের সহযোগিতায় আলমডাঙ্গা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি আরও বলেন, আলমডাঙ্গাবাসী শান্তিতে বসবাস করলেই আমি মনে করব আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি। তাতেই আমি নিজেকে ধন্য মনে করব। আমি আলমডাঙ্গাবাসীর সেবা করতে পেরেছি বলেই আজ হয়তো আমার ডিপার্টমেন্ট আমাকে এত বড় সম্মান দিয়েছে। ডিপার্টমেন্ট আমাকে একটি পদক দিয়েছেন, এই পদক গ্রহণের সাথে সাথেই আমার ওপর দায়িত্ব আরও বেড়ে গেছে। আমি আলমডাঙ্গার সর্বস্তরের সাধারণ মানুষকে সাথে নিয়ে আলমডাঙ্গার মানুষের জীবনমান উন্নয়নের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদা কাজ করে যেতে চাই।
বর্তমান পরিস্থিতিতে আলমডাঙ্গার সুশীল সমাজের মানুষ মনে করেন, অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান কর্মতৎপরতায় অফিসার ও ফোর্সের মনোবল বৃদ্ধিসহ সার্বিক পুলিশি কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সমীকরণ প্রতিবেদন