ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার ভাটপাড়া গ্রামে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে জেলা প্রশাসক আব্দুল আওয়াল নিজেই কেটেছেন খেতের ধান। গতকাল মঙ্গলবার দুপুরে হাসানুজ্জামান নামে এক কৃষকের ধান কাটার মধ্যদিয়ে তিনি কালীগঞ্জ উপজেলায় ধান কাটার উদ্বোধন করেন।
এসময় ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ষষ্টি চন্দ্র রায়, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেদারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি ও এলাকার ধান চাষিরা উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে একসঙ্গে ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দি করা যায়। ২০২৩-২৪ অর্থ বছরে কালীগঞ্জ উপজেলায় ভর্তুকি মূল্যে ৫ জন কৃষক এই কম্বাইন্ড হারভেস্টার মেশিন নিয়েছেন।
উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি জানান, এ কম্বাইন্ড হারভেস্টার মেশিন ঘণ্টায় এক একর জমির ধান কাটতে সক্ষম। এটি দিয়ে ধান ছাড়াও গম, ভুট্টা কাটা, মাড়াই ও ছাটা সম্ভব। কৃষক নিজের ফসল কাটা শেষে ভাড়ায় অন্যের জমিতে ফসল কাটাতে পারবেন। এক্ষেত্রে একর প্রতি মেশিন ভাড়া বাবদ সাড়ে ৭ হাজার টাকা নিতে পারবে। তিনি আরও জানান, শ্রমিক দিয়ে একই পরিমাণ জমির ধান কাটার খরচ পড়বে প্রায় ১৪ হাজার টাকা। এই যন্ত্র ব্যবহারে প্রাকৃতিক দুর্যোগ কিংবা শ্রমিক সংকটে কৃষকেরা উপকৃত হবেন।
সমীকরণ প্রতিবেদন