বুধবার, ২৯ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপন

  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০২৫ ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপন

‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ এই স্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদ্যাপিত হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলায় দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয় দিবসটি। দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, কবুতর ও বেলুন উড়ানো, আলোচনা সভা এবং সম্মাননা প্রদান।

চুয়াডাঙ্গা:

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা জজকোর্ট চত্বরে কবুতর অবমুক্ত ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আকবর আলী শেখ। শোভাযাত্রাটি বড় বাজার শহিদ হাসান চত্বর প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতিতে এসে শেষ হয়। পরে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আকবর আলী শেখের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন লিগ্যাল এইড অফিসার সহকারী জজ মোরশেদ আলম।

oppo_0

সভায় বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, পুলিশ সুপারের প্রতিনিধি কোর্ট পরিদর্শক নাসির উদ্দিন মৃধা, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও সাধারণ সম্পাদক আহসান আলী, পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সরোয়ার বাবু, সরকারি কৌঁসুলি (জিপি) আব্দুল খালেকসহ অনেকে।

লিগ্যাল এইডের উপকারভোগী নাসরিন ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান ও প্যানেল আইনজীবী রফিকুল ইসলাম (১)ও বক্তব্য দেন। এদিকে, দিবসটি উপলক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আকবর আলী শেখ এবং প্যানেল আইনজীবী অ্যাডভোকেট আফরুজা আক্তারকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। আলোচনা সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আকবর আলী শেখ বলেন, ‘আইনগত সহায়তা আইন সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ন্যায়বিচার নিশ্চিত করতে সহায়তা করে। সরকার জনগণের জন্য এই বিনামূল্যের সেবা চালু করেছে এবং আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এটি জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে।’

মেহেরপুর:

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও মেহেরপুর জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নুর নবীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মনজুরুল ইমাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তৌহিদুল ইসলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিনুর রহমান খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রাজ্জাক টোটন। সকালেই জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে মোহাম্মদ নুর নবীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি মোড়ে গিয়ে শেষ হয়।

ঝিনাইদহ:

ঝিনাইদহে জেলা ও দায়রা জজ মো. এমরান হোসেন চৌধুরী এবং জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে শোভাযাত্রা বের হয়, যা ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল, সিনিয়র জেলা ও দায়রা জজ এমরান হোসেন চৌধুরী, পাবলিক প্রসিকিউটর এস এম মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক আলম, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুর রশিদ বিশ্বাস এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাড. ইশারত হোসেন খোকনসহ বিভিন্ন পেশার মানুষ। পরে জেলা আইনজীবী সমিতির কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বিনামূল্যে আইনগত সহায়তার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং জনগণকে আইনি সেবা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার