দর্শনা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইকরামুল হক পিপুলকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আলমডাঙ্গা প্রেসক্লাব। গতকাল রোববার সন্ধ্যায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত জরুরি সভায় এ প্রতিবাদ জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম। সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাহাবুল হক, প্রচার সম্পাদক জাফর জুয়েল, আইসিটি সম্পাদক মীর ফাহিম ফয়সাল, সাংবাদিক হাসিবুল ইসলাম, জামিরুল ইসলাম, সহসভাপতি মাওলানা আবুল কাশেম, রুনু খন্দকার, কোষাধ্যক্ষ আতিক বিশ্বাস, লাল্টু রহমান ও হাসিবুল হক।
বক্তারা বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক, তারা কোন ব্যক্তি বা দলের মুখপাত্র হতে পারে না। সাংবাদিকদের কোনো নির্দিষ্ট দলীয় পরিচয় থাকতে পারে না, তবে তারা ব্যক্তি হিসেবে মতামত রাখতে পারেন।’ বক্তারা আরও বলেন, সাংবাদিকদের হত্যার হুমকি শুধু রাজনৈতিক নেতাদের নয়, যে-ই দিক না কেন, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’ বক্তারা দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ও স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সমীকরণ প্রতিবেদন