ঝিনাইদহে সাপে কেটে রহিম মোল্লা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিম মোল্লা ওই গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে খাবার খাওয়ার পর নিজ ঘরে বিশ্রাম নিচ্ছিলেন রহিম মোল্লা। এসময় তার ব্যবহৃত গামছা খাটের ওপর থেকে মাটিতে পড়ে যায়। গামছাটি তুলতে গেলে বিষধর সাপ তার হাতে দংশন করে। এসময় পরিবারের লোকজন দ্রুত তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। তবে কবিরাজ তাকে চিকিৎসা না দিয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এসময় ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রহিম মোল্লাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাইল জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। তাকে কোন সাপে কামড়েছে, তা পরিবারের কেউ জানাতে পারেনি। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হবে।
সমীকরণ প্রতিবেদন