শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় এক মাসের ব্যবধানে ১৪টি বোমা উদ্ধারের ঘটনা

  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০২৫ ইং
দর্শনায় এক মাসের ব্যবধানে ১৪টি বোমা উদ্ধারের ঘটনা

কেরুজ চিনিকল এলাকাসহ দর্শনায় ১ মাসের ব্যবধানে পৃথক ৬টি স্থান থেকে ১৪টি বোমা উদ্ধার হওয়ায় থানায় তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে কেরুজ শ্রমিক রাসেল উদ্দিন টগর, লিপনসহ ৪ জনকে। ঘটনার প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও বোমা উদ্ধার ঘটনার রহস্য এখনো উন্মোচিত হয়নি। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ জন জামিনে মুক্ত হলেও এখনো কারাবাস করছেন রাসেল উদ্দিন টগরসহ ২ জন।

জানা গেছে, কেরুজ চিনিকল এলাকায় গত ১৩, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি পৃথক ৩টি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি বোমা উদ্ধার করা হয়। এই ঘটনায় কেরুজ চিনিকলের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। এছাড়া ২০ ফেব্রুয়ারি দর্শনা ঈশ্বরচন্দ্রপুর ও আকন্দবাড়িয়া থেকে পৃথক ৭টি বোমা উদ্ধার করা হয়। ওই ঘটনায় ঈশ্বরচন্দ্রপুরের রুবেল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এছাড়াও ১৪ মার্চ কেরুজ ইটখোলা মাঠ থেকে পরিত্যক্ত একটি বোমা উদ্ধার হয়।

এই ঘটনায় দর্শনায় ১৪টি বোমা উদ্ধারের ঘটনায় থানায় তিনটি পৃথক মামলা দায়ের হয়েছে। এই মামলায় গ্রেপ্তার করা হয় দক্ষিণচাঁদপুরের আলহীম, লিপন, রানা ও কেরুজ করপোরেশন লাইনপাড়ার রাসেল উদ্দিন টগরকে। পুলিশ গ্রেপ্তারকৃত আলহীম, লিপন ও রানাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করলেও তা নামঞ্জুর করেন বিজ্ঞ বিচারক।

রাসেল উদ্দিন টগরের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, কেরুজ নির্বাচন কেন্দ্রিক প্রতিহিংসার কারণে টগরকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। তাদের দাবি, প্রশাসনকে ভুল বুঝিয়ে তার বিরুদ্ধে দুটি বোমা মামলায় অভিযোগ চাপানো হয়েছে।

কেরুজ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ সবুজ বলেন, টগর একজন জনপ্রিয় শ্রমিক নেতা। তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে কিছু ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য। তিনি আরও বলেন, সঠিক পুলিশি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব যে টগর বোমা ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। টগর শারীরিকভাবে অসুস্থ, তাই তাকে জামিনে মুক্তি ও মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর বলেন, ‘মামলাগুলো তদন্তাধীন। তাই তদন্ত শেষ হওয়ার আগে মন্তব্য করা সম্ভব নয়।’



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ