কুয়েট শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে চুয়াডাঙ্গায় প্রতীকী অনশন পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। সংগঠনটির কেন্দ্রীয় নেতারা চুয়াডাঙ্গায় সাংগঠনিক সফর স্থগিত করে গতকাল বুধবার বিকেল চারটা থেকে এই কর্মসূচি শুরু করেন। শহিদ হাসান চত্বরে আয়োজিত এ অনশনে অংশ নেন গণতান্ত্রিক ছাত্রসংসদ কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসাইন, যুগ্ম আহ্বায়ক আব্দুস শহিদ নাসিম, যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ ইবন মুবিন, সংগঠক মুহতাসিম ফুয়াদ, সুলতানা খাতুনে জান্নাত এবং ফাহিম উদ্দিন মভিন।
জুবায়ের হোসাইন বলেন, কুয়েট প্রশাসনের স্বেচ্ছাচারিতা এবং ভিসির কর্তৃত্ববাদী আচরণের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আমাদের পূর্ণ সংহতি আছে। যতদিন না দাবি মানা হচ্ছে, আমরা আন্দোলনে পাশে থাকব। তিনি আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ধরণ আরও কঠোর হতে পারে। সংগঠনটির পক্ষ থেকে সরকারের প্রতি তাদের আহ্বান, যেন দ্রুত সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। তবে এই প্রতীকী অনশনকে ঘিরে জেলার সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাড়া লক্ষ্য করা না গেলেও উপস্থিত নেতারা তাদের দাবিতে অনড়।
উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা মনে করি কুয়েট শিক্ষার্থীদের প্রতি এই একাত্মতা শুধু একটি সংগঠনের দায়িত্ব নয়, বরং সমগ্র ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব।’ এদিকে কুয়েট ভিসির অপসারণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে দেশের অন্যান্য জায়গাতেও বিভিন্ন ছাত্রসংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শহিদ হাসান চত্বরে অনশনকারীরা অনড় অবস্থানে ছিলেন। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এদিকে, অনশন শুরুর তিন ঘণ্টা পর সন্ধ্যা সাতটায় তারা অনশন শেষ করে।
সমীকরণ প্রতিবেদন