চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। সভায় পুলিশ সুপার উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পূর্ববর্তী কল্যাণ সভায় উত্থাপিত বিষয়ের অগ্রগতি ও সমাধান নিয়ে আলোচনা করেন। এছাড়া থানা ক্যাম্প ও ফাঁড়ির চাহিদার প্রেক্ষিতে টিভি, ফ্যান, স্বাস্থ্য সামগ্রী, ক্রোকারিজ এবং অন্যান্য দাপ্তরিক জিনিসপত্র সরবরাহ করা হয়।
এছাড়াও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন এবং বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় মোট ৮ জন পুলিশ সদস্যকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়ে পুলিশ সুপারের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) তাজরিনা সুলতানা, ডিআইও-১, ডিএসবি, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), আরআই, থানার অফিসার ইনচার্জ, ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ।
এছাড়া জেলা পুলিশের অপারেশনাল কার্যক্রমে যানবাহনের অপ্রতুলতা থাকায় সভা শেষে আনুষ্ঠানিকভাবে জীবননগর থানাধীন রায়পুর পুলিশ ক্যাম্পে একটি নতুন পিকআপ সরবরাহ করেন পুলিশ সুপার।
সমীকরণ প্রতিবেদন