শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার প্রণোদনার উদ্বোধনকালে ডিসি

  • আপলোড তারিখঃ ১৮-০৪-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার প্রণোদনার উদ্বোধনকালে ডিসি


চুয়াডাঙ্গায় ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ, গ্রীষ্মকালীন মুগ ও পাট চাষে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিনামূল্যে বিতরণকৃত এসব কৃষি উপকরণের বাজারমূল্য ৭৯ লাখ ৭৫ হাজার ৪৪৫ টাকা।

প্রধান অতিথি থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ। এসময় উপস্থিথ ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘চুয়াডাঙ্গা কৃষিতে একটি সম্ভাবনাময় ও উদ্বৃত্ত জেলা। এখানকার মাটি ও আবহাওয়া কৃষির জন্য অত্যন্ত অনুকূল। সরকার কৃষিবান্ধব নীতি অনুসরণ করে কৃষকদের নানা সহায়তা দিচ্ছে। এই প্রণোদনার মাধ্যমে কৃষকরা আরও উৎপাদনমুখী হবেন। তবে শুধু প্রণোদনা নয়, আধুনিক প্রযুক্তি ও সঠিক পরামর্শ গ্রহণ করেও সফলতা অর্জন করা সম্ভব। কৃষকদের উচিত কৃষি বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করা। এতে কৃষক লাভবান হবেন, উৎপাদন বাড়বে এবং জাতীয় অর্থনীতিও সমৃদ্ধ হবে।’

প্রণোদনার আওতায় উফশী আউশের জন্য ১০ হাজার ৫০০ কৃষক পেয়েছেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। এর মোট বরাদ্দ ৭৮ লাখ ৪৮ হাজার ৭৫০ টাকা। গ্রীষ্মকালীন মুগ চাষের জন্য ৮০ জন কৃষক পেয়েছেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। যার মোট বরাদ্দ ৮২ হাজার ৭২৯ টাকা। পাট চাষে ১০০ জন কৃষক পেয়েছেন ১ কেজি বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। এর জন্য বরাদ্দ ছিল ৪৩ হাজার ৯৭৫ টাকা।

এদিকে, উদ্বোধন অনুষ্ঠানের পর জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সদর থানা ও চুয়াডাঙ্গা পৌরসভা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত শিক্ষা, ক্রীড়া ও চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানেও অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে খেলাধুলা ও চিকিৎসা সামগ্রী এবং অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন। এসময় জেলা প্রশাসকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) শারমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আশিস মোমতাজ।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ