শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আবারো মাঝারি তাপপ্রবাহ, ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে জনজীবন

  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় আবারো মাঝারি তাপপ্রবাহ, ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে জনজীবন

চুয়াডাঙ্গায় আবারো শুরু হয়েছে তাপপ্রবাহের দাপট। চলতি চৈত্রের খরতাপে নাজেহাল জনজীবন। গতকাল শনিবার বেলা তিনটায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, এটি মাঝারি তাপপ্রবাহের মাত্রায় পড়ে। এমন তাপমাত্রা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সর্বশেষ ১৭ মার্চ দুপুরে চুয়াডাঙ্গায় দেড় ঘণ্টা ধরে থেমে থেমে বৃষ্টি হয়। ওই সময় বৃষ্টিপাতের পরিমাণ ছিল মাত্র ৮ মিলিমিটার। এরপর গত ২৪ মার্চ থেকে সূর্যের তেজ যেন ক্রমেই মাত্রা ছাড়াতে থাকে। ২৮ মার্চ চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের সর্বোচ্চ ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। পরদিন ২৯ মার্চও ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এরপর গতকাল শনিবার ৩৮ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল মাত্র ২৭ শতাংশ।
তাপমাত্রা ও আর্দ্রতার এই বৈপরীত্যে বাড়ছে গরমের প্রকোপ। জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। সকাল গড়িয়ে দুপুর হতেই রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ে। অনেকেই রোদ থেকে বাঁচতে গামছা, রুমাল কিংবা ছাতা ব্যবহার করছেন। কেউ কেউ আবার স্বস্তির খোঁজে ছুটছেন পুকুর কিংবা সেচ পাম্পের দিকে।
চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকায় দেখা যায়, একটি নির্মাণাধীন ভবনে কাজ করছেন শ্রমিকেরা। দুপুরের ঝলসানো রোদে মাথা নিচু করে কাজ করছিলেন শ্রমিক ফয়েজ মিয়া। তিনি বলেন, ‘রোদে কাজ করতে খুব কষ্ট হয়। একটু পর পরই গলা শুকিয়ে যায়। শরীর ঘামে ভিজে যাচ্ছে বারবার। প্রচুর পানি খাচ্ছি, তবু মনে হচ্ছে শরীর ভেতর থেকে পুড়ে যাচ্ছে।’
পৌর শহরের একাডেমি মোড় এলাকায় দেখা মেলে রিকশাচালক রশিদের। তাঁর কণ্ঠে ক্লান্তি আর হতাশার সুর, ‘ঈদের পর শহরে এমনিতেই লোকজন কম। তার ওপর এই রোদের মধ্যে কেউই আর বের হয় না। বেলা ১১টার পর থেকে রাস্তায় মানুষ নেই বললেই চলে। পেটের দায়ে রিকশা নিয়ে বের হতে হয়। কিন্তু সকাল থেকে বিকেল পর‌্যন্ত ২০০ টাকার কাজও হয়নি।’
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি হলে সেটি মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ হলে মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক ৯ হলে তীব্র এবং ৪২ ডিগ্রি বা তার বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। সেই হিসেবে গতকাল চুয়াডাঙ্গায় বইছে মাঝারি তাপপ্রবাহ।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জামিনুর রহমান বলেন, ‘গত কয়েক দিনের তুলনায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজকের তাপমাত্রা ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা মাঝারি তাপপ্রবাহের মধ্যে পড়ে। এই অবস্থা আরও কিছুদিন থাকতে পারে।’



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ