আলমডাঙ্গায় বিদ্যালয় ও ভূমি অফিস পরিদর্শন এবং ভিক্ষুককে অনুদান প্রদান করলেন ডিসি
- আপলোড তারিখঃ
০৮-০৯-২০১৭
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এসময় তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে বৃক্ষরোপন বিষয়ে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের বৃক্ষরোপনের গুরুত্ব তুলে ধরে তাদের বাড়ির আঙিনায় বৃক্ষরোপনের উপদেশ দেন। এছাড়াও কাব-স্কাউটস্দের উদ্দেশ্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, তোমরা লেখাপড়ার পাশাপাশি সামাজিক কাজে সম্পৃক্ত হয়ে নিজেদের ও সমাজের জন্য কাজ করে যাবে।
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, উপজেলা শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার, সহকারি শিক্ষা অফিসার শাহরিয়ার কবীর, প্রধান শিক্ষক হারেছ উদ্দিন, সহকারি শিক্ষক আহসান কবীর, নাসিমা আক্তার, সুলতানা রাজিয়া, নাছরিন নাহার, নাছিমা খাতুন প্রমূখ। এরপর কালিদাসপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক। পরে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শনকালে কালিদসপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের ভিক্ষুক আরশেদ আলীকে পূনর্বাসনের জন্য আলমডাঙ্গা উপজেলা ভিক্ষুক পুনর্বাসন ফান্ড থেকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
কমেন্ট বক্স