উথলী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হান্নানের দায়িত্ব গ্রহণ
- আপলোড তারিখঃ
১৬-০৫-২০২৩
ইং
প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হান্নান দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল সোমবার সকাল ১০টায় দায়িত্বভার গ্রহণের পর প্রথম সভা অনুষ্ঠিত হয়। এসময় নবনির্বাচিত ইউপি সদস্যরা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, নবগঠিত উথলী প্রেসক্লাবের নেতারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন উথলী ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সদস্য রবিউল হোসেন। উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক সাংবাদিক সালাউদ্দীন কাজলের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন ইউপি সচিব মহি উদ্দিন।
এসময় আব্দুল হান্নান বলেন, ‘আমার স্ত্রী অসুস্থ থাকায় আমি নিজে ভোটের মাঠে সেভাবে সময় দিতে পারিনি। কিন্তু ইউনিয়নবাসী নিজেরা দায়িত্ব নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমার জন্য ভোট চেয়েছে। এলাকার মসজিদ-মাদ্রাসা থেকে আমার স্ত্রী জন্য দোয়া করা হয়েছে। এ জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।’ তিনি আরও বলেন, ‘আপনাদের কাছে দেওয়া আমার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে। আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন। ভুলত্রুটি হলে ধরিয়ে দিয়ে সেটা সংশোধন করে দেবেন। চেয়ারম্যান হিসেবে নয়, আমি সাধারণ মানুষ হিসেবেই আপনাদের মাঝে থাকতে চাই।’
এসময় উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ (প্রদীপ), উথলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন, সমাজসেবক আসাদুর রহমান বিশ্বাস, উথলী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।
উল্লেখ্য, গত ১৬ মার্চ উথলী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হান্নান ৫ হাজার ৩৬৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।
কমেন্ট বক্স