বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পুলিশ সদস্যসহ চার ভাইয়ের বিরুদ্ধে বৃদ্ধাকে মারধরের অভিযোগ

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০২৩ ইং
পুলিশ সদস্যসহ চার ভাইয়ের বিরুদ্ধে বৃদ্ধাকে মারধরের অভিযোগ
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার জয়রামপুরে ছুটিতে বাড়িতে আসা এক পুলিশ সদস্য ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে রহিমা খাতুন (৫৬) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জমি নিয়ে বিরোধের জেরে জয়রামপুর কাঁঠালতলাস্থ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকালই রহিমা খাতুন নিজে বাদী হয়ে পুলিশ সদস্যসহ তার তিন ভাইয়ের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন- জয়রামপুর গাতিরপাড়ার আবুল হোসেনের চার ছেলে আলাউদ্দিন (৫০), ইদ্রিস (৪০), ইখলাস পুলিশ সদস্য (সহকারী উপ-পরিদর্শক) ও মিলন (৩০)। ভুক্তভোগী বৃদ্ধা কাঁঠালতলাস্থ বাজারপাড়ার মৃত নুরুল ইসলামের স্ত্রী। অভিযোগ সূত্রে জানা যায়, রহিমা খাতুন তার জমিতে বাড়ির সঙ্গে তিনটি দোকান করেছেন। উক্ত জমি তিনি ৪০ বছর পূর্বে ক্রয় করেন। গতকাল বৃহস্পতিবার সকালে দোকানের সামনে এলে সেখানে থাকা ইখলাস ও তার তিন ভাই লোহার রড ও কাঠের বাটাম দিয়ে বৃদ্ধা রহিমা খাতুনকে পিটিয়ে জখম করে। এসময় চিৎকার শুনে স্থানীরা ছুটে এসে রহিমা খাতুনকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে, একজন পুলিশ সদস্য অতি উৎসাহী হয়ে ঝামেলা সৃষ্টি ও আইন হাতে তুলে নেওয়ার ঘটনায় জয়রামপুর বাজারে সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় অনেকেই বলেন, সকলের সম্মুখে একজন পুলিশ সদস্যের এমন কাণ্ডে এলাকাবাসী হতবাক হয়েছে। পরিবারে একজন পুলিশ সদস্য থাকার সুবিধা যদি কেউ এভাবে নেয়, তবে সাধারণ মানুষ পুলিশের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। এ বিষয়ে ভুক্তভোগী বৃদ্ধা রহিমা খাতুন বলেন, ‘আমার স্বামীর ক্রয়কৃত ভিটের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উক্ত জমি থেকে উচ্ছেদ করার জন্য আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে। আমি জমি-জমা সংক্রান্ত বিষয়ে বিজ্ঞ আদালতে মামলাও করেছি। আদালতের নির্দেশে দামুড়হুদা থানা পুলিশ উক্ত জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য মামলার আসামিদের নোটিশ প্রদান করে। কিন্তু তারপরেও বিবাদী পক্ষ উক্ত জমি পুনরায় দখলে নেওয়ার পাঁয়তারা করছে। এরই মধ্যে আজ (বৃহস্পতিবার) সকালে বিবাদীরা বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে পাওয়ারট্রিলারযোগে আমার বাড়ির প্রবেশে ইট ফেলে রাস্তা বন্ধ করে দেয়। আমি তাদেরকে রাস্তায় ইট ফেলতে নিষেধ করলে ওরা চার ভাই লাঠি ও রড দিয়ে আমাকে পিটিয়ে আহত করে। পরে আমি এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় অভিযোগ করেছি।’ দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ‘একজন পুলিশ সদস্য ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে রহিমা খাতুন নামের এক বৃদ্ধা অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ