পিএসসির সদস্য হলেন আলমডাঙ্গার কৃতি সন্তান শফিকুল ইসলাম
- আপলোড তারিখঃ
১২-০৫-২০২৩
ইং
সমীকরণ প্রতিবেদক:
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কৃতি সন্তান পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মোহা. শফিকুল ইসলামসহ সাবেক আরও তিন সচিব। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাঁদের এই নিয়োগের কথা জানানো হয়।
পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পাওয়া সাবেক তিন সচিব হলেন ভূমি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, স্থানীয় সরকার বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দিন আহমদ এবং সাবেক খাদ্যসচিব মোছাম্মৎ নাজমানারা খানুম।
এঁদের মধ্যে নাজমানারা খানুম করোনাকালীন সমেয় চুয়াডাঙ্গা জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব ছিলেন। আর সাবেক পুলিশ কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক মোহা. শফিকুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের কমিশনারের দায়িত্বে ছিলেন।
সংবিধান অনুসারে পিএসসির নতুন সদস্যদের মেয়াদ হবে দায়িত্ব গ্রহণ থেকে পাঁচ বছর। তবে বয়স ৬৫ বছর হলে এই মেয়াদও শেষ হবে। পিএসসিতে বর্তমানে ১২ জন সদস্য আছেন। নতুন ৪ জন নিয়ে এই সংখ্যা দাঁড়াল ১৬। পিএসসির নতুন আইন অনুযায়ী সংস্থাটিতে সর্বাধিক ২০ সদস্য নিয়োগ দেওয়া যাবে।
কমেন্ট বক্স