চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা
- আপলোড তারিখঃ
১১-০৫-২০২৩
ইং
প্রতিবেদক, হিজলগাড়ী:
চুয়াডাঙ্গার দর্শনা থানার বেগমপুর গ্রামে পিতার ওপর অভিমান করে তাবাসসুম (১২) নামের এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে বেগমপুর গ্রামের বগুলাপাড়ায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাবাসসুমকে মৃত ঘোষণা করেন। সে বেগমপুর গ্রামের বগুলাপাড়ার এরশাদ আলীর মেয়ে ও স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে তাবাসসুম মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরে আসে। যে কারণে পিতা এরশাদ আলী তাকে বকাঝকা করেন এবং মাদ্রাসায় যেতে বলেন। এ নিয়ে পিতার ওপর অভিমান করে তাবাসসুম গলায় ফাঁস দিয়ে আত্মত্যার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাবাসসুমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, পিতার ওপর অভিমান করে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে বলে জেনেছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ হয়নি। নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে।
কমেন্ট বক্স