চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা
- আপলোড তারিখঃ
১১-০৫-২০২৩
ইং
নিজস্ব প্রতিবেদক:
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে চুয়াডাঙ্গার দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার কেদারগঞ্জ, সার্কিট হাউজ ও হাটকালুগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযান সূত্রে জানা গেছে, সার্কিট হাউস এলাকায় মেসার্স নিউ তানিয়া ফ্লাওয়ার মিলে আটা, ময়দা ও ভূষিতে ওজন, মেয়াদ, মূল্য ইত্যাদি না লেখা ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধ প্রমাণিত হয়। এতে প্রতিষ্ঠানটির মালিক শহিদুল্লাহকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও, হাটকালুগঞ্জ এলাকায় মেসার্স মর্ডান স্টোরে অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও প্রচুর মেয়াদোত্তীর্ণ পণ্য দোকানে রেখে বিক্রয় করার অপরাধ প্রমাণিত হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আলিমুজ্জামানকে ৩৮ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, দুটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তৎপর আছে। আমরা ভোক্তার অধিকার ন্যায্যভাবে বাস্তবায়নে কাজ করছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।
কমেন্ট বক্স