বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছির লক্ষ্মীচারা বিল মাঠে খালের ওপর সেতু নির্মাণের দাবি

  • আপলোড তারিখঃ ০৮-০৫-২০২৩ ইং
কুড়ুলগাছির লক্ষ্মীচারা বিল মাঠে খালের ওপর সেতু নির্মাণের দাবি
সালেকিন মিয়া সাগরের প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের লক্ষ্মীচারার বিল মাঠে খালের ওপর সেতু নেই। এ কারণে কয়েক যুগ ধরে দুর্ভোগ পোহাচ্ছেন খাল পাড়ের হাজারো চাষি। তারা বলছেন, খালের ওপর সেতু নির্মাণ করা হলে ৫ গ্রামের সাধারণ মানুষ উপকৃত হবে। সহজে খেতের ফসল বহন করা যাবে। এতে ব্যয় ও খরচ কমবে চাষিদের। জানা যায়, কুড়ুলগাছির চিৎলার বিল থেকে লক্ষ্মীচারা মাঠের ওপর দিয়ে নতুন গ্রাম পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার একটি খাল ফসলি জমির মাঝামাঝি অবস্থিত। এ মাঠে ১০ হাজার একর জমি রয়েছে। বর্ষা ও রবি মৌসুমে খাল পাড়ি দিয়ে ফসল ঘরে তুলতে চরম দুর্ভোগ পোহাতে হয় কৃষকদের। অল্প বৃষ্টি হলেই পানিতে ভাসতে থাকে শত শত কৃষকের স্বপ্ন। কৃষকেরা বলছেন, সম্প্রতি খালটি পুনঃখনন করায় অনেক গভীর হয়েছে। খালের দুপাশে বিস্তীর্ণ মাঠে কুড়ুলগাছি, ধান্যঘরা, সদাবরী, বুইচিতলা ও নতুন গ্রামের কয়েক হাজার কৃষক বোরো ও আমন ধানসহ বিভিন্ন ফসল চাষ করেন। কৃষকেরা উৎপাদিত ফসল খাল পাড়ি দিয়ে বাড়িতে আনতে চরম দুর্ভোগে পড়েন। খালের ওপর কোনো সেতু কিংবা কালভার্ট না থাকায় ফসল আনতে কৃষকদের দ্বিগুণ টাকা খরচ করতে হয়। কয়েক কিলোমিটার ঘুরে তারপর ফসল বাড়িতে আনতে হয়। এই খালের ওপর একটি সেতু নিমার্ণ করা হলে ভোগান্তি লাঘব হবে বলে মনে করেন কৃষকেরা। নতুন গ্রামের চাষি রফিকুল ইসলাম বলেন, ‘মাঠের ধান সময় মতো ঘরে তুলতে খালের ওপর একটি ব্রিজ নির্মাণ অতীব জরুরি। অনেকে অনেক কথা বললেও এটি বাস্তবায়ন হয়নি। একটি ব্রিজের অভাবে এই মাঠের উৎপাদিত ফসল সময় মতো ঘরে তুলতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের।’ কুড়লগাছি গ্রামের চাষি মোহাম্মদ আলি বলেন, ‘মাঠে পাকা ধান কেটে জাউলি দেওয়া আছে। খালের ওপারে জমি হওয়ায় সময় মতো ফসল বাড়িতে আনতে পারছি না। খালের ওপর যদি একটি ব্রিজ থাকতো তাহলে আর এই ভোগান্তি পোহাতে হতো না। এখন ঝড় বৃষ্টির সময়, কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না। শ্রমিক দিয়ে ধান বাড়ি আনতে হলে অনেক টাকার প্রয়োজন। তাই খালের ওপর একটি সেতু খুবই প্রয়োজন। এ বিষয়ে কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, ‘এ খালের ওপর একটি সেতু নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে। যাতে এলাকার চাষিরা কোনো রকম দুভোর্গ ছাড়াই তাদের উৎপাদিত কষ্টের ফসল ঘরে তুলতে পারেন। জনস্বার্থে যত দ্রুত সম্ভব এটি বাস্তবায়ন করা হবে। এ ব্যাপারে আমি সকলের সহযোগিতা কামনা করছি।’


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ