চুয়াডাঙ্গায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদ্যাপন
- আপলোড তারিখঃ
০৮-০৫-২০২৩
ইং
সমীকরণ প্রতিবেদন:
বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস’ পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চুয়াডাঙ্গা জেলা ইউনিট। শান্তিপূর্ণ ও মানবিক পৃথিবী প্রতিষ্ঠায় এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘আমরা সকল কাজই আন্তরিকভাবে করি’। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট কার্যালয় চত্বরে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও বাংলাদেশ রেড ক্রসের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার। তিনি যেকোনো দুর্যোগ মোকাবিলায় রেড ক্রিসেন্ট ইউনিটকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এমপি বলেন, রেড ক্রিসেন্টের ধর্ম আর্তমানবতার সেবাই এগিয়ে আসা। রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট যুদ্ধ বিধস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। মহান এই ব্যক্তিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে প্রতিবছর তার জন্মদিনটিকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে উদ্যাপন করা হয়। বিপদাপন্ন ও অসহায় মানুষের জন্য রেড রেড ক্রিসেন্টের অবদান বিশ্বের মানুষ চিরকাল মনে রাখবে। সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান।
সভায় ইউনিটের কার্যনির্বাহী সদস্য এমএম শাহজাহান মুকুল, আসাদুজ্জামান কবির, হাবিবুল্লাহ ছটি, বিলকিস জাহান, যুব প্রধান শাহিনসহ রেড ক্রিসেন্টের দাতা সদস্য, আজীবন সদস্য, যুব সদস্য, স্থানীয় পত্রিকার সম্পাদকবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৩ সালের ৩১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ রেড ক্রস সোসাইটি আদেশ (পিও-২৬) জারি করেন। এই আদেশের বলে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশ রেড ক্রস সোসাইটি স্বীকৃতি লাভ করে। এরপর ১৯৭৩ সালের ২০ সেপ্টেম্বর তেহরানে রেড ক্রসের ২২তম আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ রেড ক্রস সোসাইটি আন্তর্জাতিকভাবে পূর্ণ স্বীকৃতি লাভ করে। ১৯৮৮ সালে সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
কমেন্ট বক্স