চুয়াডাঙ্গায় সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ
- আপলোড তারিখঃ
০২-০৪-২০২৩
ইং
নিজস্ব প্রতিবেদক:
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বাতিল করে নিঃশর্ত মুক্তি এবং পত্রিকার সম্পাদক মতিউর রহমান, দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি মো. অসীমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকেরা। গতকাল শনিবার বেলা দুইটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিট ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক শাহ আলম সনির পরিচালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আলামিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাবেক সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক আহাদ আলী মোল্লা, আবুল হাশেম, ইসলাম রকিব, জামান আক্তার, কামরুজ্জামান চাঁদ, রুবাইত বিন আজাদ সুস্থির, উজ্জ্বল মাসুদ, মেহেরাব্বিন সানভী প্রমুখ।
সমাবেশে গণমাধ্যমকর্মীরা বলেন, কোনো অভিযোগের তদন্ত ছাড়াই একজন সাংবাদিককে গভীর রাতে বাসা থেকে ধরে নিয়ে যাওয়া দুঃখজনক। ডিজিটাল নিরাপত্তা আইনে বারবার মামলা করে গণমাধ্যমকর্মীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত কাজ বন্ধ করা যাবে না। গণমাধ্যম ও সাংবাদিকেরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে। গ্রেপ্তার সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান গণমাধ্যমকর্মীরা।
কমেন্ট বক্স