বেলগছি ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব মিয়ার ইন্তেকাল
- আপলোড তারিখঃ
৩১-০৩-২০২৩
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা স্টেশনপাড়ার নিজ বাড়িতে অবস্থানকালে তাঁর মৃত্যু হয়। এসময় তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।
জানা যায়, বেলগাছি ইউপির সাবেক এই চেয়ারম্যান কয়েকবছর যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন। বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন স্থানে চিকিৎসাও চলছিল তাঁর। এছাড়াও তিনি দুই বছর কানাডায় ছেলের বাড়িতে থেকে সেখানে চিকিৎসা নিয়েছেন। সুস্থ হয়ে স্ত্রীকে নিয়ে দেশে ফিরে আসেন তিনি। এরপর থেকে উপজেলার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেন। বিভিন্ন সময় তিনি উপজেলা পরিষদের সামনে চায়ের দোকানে বসে বিভিন্ন মানুষের সঙ্গে সময় কাটিয়েছেন। এরই মধ্যে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
এদিকে, সকলের পরিচতমুখ সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মিয়ার মৃত্যুর সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে আলমডাঙ্গার বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ তাঁর বাড়িতে ভিড় করে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও আত্মীয়—স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুমের জানাজায় অংশ নেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন, অ্যাড. আব্দুর রশিদ, পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গনু, সাবেক পৌর মেয়র আলহাজ্ব মীর মহিউদ্দিন, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, বেলগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম মণ্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম মণ্টু, পৌর আওয়ামী লীগের সম্পাদক মতিয়ার রহমান ফারুকসহ আলমডাঙ্গার বিভিন্ন শ্রেণি—পেশার হাজারো মানুষ।
প্রথম জানাজা শেষে আব্দুল ওহাব মিয়ার লাশ তাঁর নিজ গ্রাম বেলগাছিতে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হয়। আব্দুল ওহাব মিয়া বেলগাছি ইউপির পরপর তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।
কমেন্ট বক্স