অসাবধানবশত সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ, বিএসএফের হাতে আটক
- আপলোড তারিখঃ
০৬-০১-২০২৩
ইং
সমীকরণ প্রতিবেদক:
মানসিক প্রতিবন্ধীসহ অসাবধানতাবশত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের বিএসএফ-এর হাতে আটককৃত দুই যুবককে দেশে ফিরিয়ে এনেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে।
খবর পেয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পক্ষ থেকে আটককৃতদের দেশে ফিরিয়ে এনে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। গতকাল বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এরা হলেন- চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন বড়বলদিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মুকুল ও একই এলাকার বুদু মিয়ার ছেলে মানসিক প্রতিবদ্ধী সাগর।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা যায়, গতকাল বিকেলে বিএসএফ কর্তৃক নির্মিত কাঁটাতারের বেড়া দেখার জন্য সীমান্ত পিলার ৮৪/৭২-টি পিলার-এর নিকট যায় মুকুল ও সাগর। এসময় ভুলবশত দুজনেই শূন্য লাইন অতিক্রম করার সময় ৫৪ বিএসএফ ব্যাটালিয়নের কাদীপুর বিএসএফ ক্যাম্পের সদস্য কর্তৃক আটক হয়।
পরবর্তীতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবি-এর অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক, পিএসসি প্রতিপক্ষ ৫৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট-এর সঙ্গে যোগাযোগ করেন। এসময় তিনি অসাবধানতাবশত সীমান্ত অতিক্রমকারী বাংলাদেশী নাগরিকদ্বয়কে ফেরত প্রদানের বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন। পরবর্তীতে ৮৪/৮৪-টি পিলারের নিকট বিজিবি বড়বলদিয়া-বিএসএফ কাদিপুর ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে গতকাল রাত সাড়ে আটটার দিকে বাংলাদেশি নাগরিকদের ফেরত আনা হয়।
কমেন্ট বক্স